ধরো তুমি কাউকে ভালবাসো। ভালবাসো মানে খুব ভালবাসো ! মানে ততটাই ভালবাসো, যতটার পরে আর ভালবাসা যায় না। কিন্তু হয়েছে কি তোমাকে সে ততটা ফিরে ভালবাসে না। বাসে না বললে ভুল হবে, কিন্তু জিনিসটা পুরো না। বোঝাতে পারছি না তো? এই ধরা যাক, আমার একটা ঘর আছে। মানে সেটা আমার, মালিকানা সমেত পুরো আমার। ঘরের যত কটা জিনিস সব আমার। আলনা থেকে ঝুলঝাড়ু, আয়না থেকে কড়িকাঠ - সব আমার। এবার আমি একজনকে ভালবাসলাম, বেসে তাকে বললাম, আজ থেকে এসব তোমার। আলনা থেকে আয়না, ঝুলঝাড়ু থেকে কড়িকাঠ। এই অব্দি ঠিক হল? এবার আমি যাকে ভালবাসলাম, তারও ঘর আছে, ঘরে জিনিস আছে, বা বলা ভাল, তার থাকার চিহ্ন আছে। সেও বলল, এসবই তোমার। তুমি আনন্দে উৎফুল্ল হয়ে চারপাশে নানা ফুল দেখতে লাগলে, সুন্ধে নাক বুজে এল তোমার, ভাল লাগায় জারিয়ে গেল মন প্রাণ। কিন্তু তুমি একদিন আবিষ্কার করলে, তুমি যাকে ভালবাসলে তার অনেক ঘর আছে, সেসব ঘরে তুমি ইচ্ছে করলে যেতে পারো, কিন্তু তোমার নিজের শর্তে না, প্রত্যেক ঘরের আলাদা শর্ত, তোমাকে সেসব মেনে চলতে হবে। তখন তুমি যদি প্রশ্ন তোলো, কেন আমি আমার ঘরের শর্তেই সব ঘরে চলতে পারব না, সে কথা কেউ শুনবে না। এমনকি তোমার ভালবাসার মানুষও শুনবে না। তখন তোমার কেমন লাগবে? পারবে এমন ভাগিদারীর ভালবাসায় সন্তুষ্ট হতে? নিজেকে বোঝাতে পারবে তোমার কাছে যেটুকু আছে সেটাও অনেক, সেই দিয়েই আনন্দে থাকা যায়? একটা কোটেশন আছে, Don't make them priority, to whom you are an option. কোটেশন তো বলেই খালাস... তোমার ভালবাসাকে বোঝাতে পারবে কি?
No comments:
Post a Comment